গ্রীষ্মের তীব্র গরমে ত্বক হারায় স্বাভাবিক আর্দ্রতা ও সতেজতা। এই সময় সহজলভ্য ফল তরমুজ হতে পারে প্রাকৃতিক ত্বকচর্চার কার্যকর উপায়। পুষ্টিগুণে ভরপুর এই ফলটি শুধু শরীর ঠান্ডা রাখে না, ত্বকের আর্দ্রতা ও উজ্জ্বলতা ফিরিয়ে আনতেও সাহায্য করে।বিশেষজ্ঞদের মতে, তরমুজে থাকা ভিটামিন এ, সি ও ই ত্বকের কোষ পুনর্গঠনে সহায়ক। এতে থাকা অ্যান্টি-অক্সিডেন্ট, বিশেষ করে লাইকোপিন, সূর্যের ক্ষতিকর প্রভাব থেকে ত্বককে আংশিক সুরক্ষা দেয় এবং রোদে পোড়া ভাব কমাতে সাহায্য করে। তরমুজের খোসার কাছাকাছি অংশেও পুষ্টিগুণ রয়েছে, যা ত্বক মেরামতে কার্যকর ভূমিকা রাখে।সব ধরনের ত্বকের জন্যই তরমুজ উপযোগী। শুষ্ক ত্বকে এটি আর্দ্রতা ফিরিয়ে আনে, তৈলাক্ত ত্বকে অতিরিক্ত তেল নিয়ন্ত্রণ করে এবং মিশ্র ত্বকের ভারসাম্য বজায় রাখতে সহায়তা করে। শুধু ত্বকে ব্যবহার নয়, নিয়মিত তরমুজ খাওয়াও ত্বকের জন্য উপকারী, কারণ ভেতর থেকে আর্দ্রতা বজায় রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ।ঘরোয়া ত্বকচর্চায় তরমুজ ব্যবহার সহজ। তরমুজের রসের সঙ্গে মধু মিশিয়ে হাইড্রেটিং প্যাক তৈরি করা যায়। উজ্জ্বলতা বাড়াতে এতে কয়েক ফোঁটা লেবুর রস যোগ করা যেতে পারে। তৈলাক্ত ত্বকের জন্য তরমুজের রস মুলতানি মাটির সঙ্গে মিশিয়ে ব্যবহার করলে ত্বকের অতিরিক্ত তেল কমে।এ ছাড়া তরমুজের রস বরফ করে মুখে ব্যবহার করলে তাৎক্ষণিক শীতলতা ও আরাম পাওয়া যায়। তরমুজের বীজ শুকিয়ে গুঁড়া করে প্রাকৃতিক স্ক্রাব হিসেবেও ব্যবহার করা যায়, যা মৃত কোষ দূর করতে সহায়ক।তবে যেকোনো প্যাক বা রস সব সময় তাজা অবস্থায় ব্যবহার করা জরুরি। সংবেদনশীল ত্বকে ব্যবহারের আগে প্যাচ টেস্ট করা এবং চোখের চারপাশে ব্যবহার না করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।