ঢাকা    সোমবার, ১৫ জুন ২০২৬
দৈনিক দৃষ্টি

বিশ্বকাপের প্রথম বড় অঘটন, তুরস্ককে ২-০ গোলে হারাল অস্ট্রেলিয়া

স্পোটর্স ডেস্ক : ২০২৬ বিশ্বকাপের অন্যতম বড় অঘটনের জন্ম দিল অস্ট্রেলিয়া। ম্যাচজুড়ে আধিপত্য বিস্তার করেও গোলের দেখা পায়নি তুরস্ক, উল্টো সুযোগ কাজে লাগিয়ে ২-০ গোলের দারুণ জয় তুলে নিয়েছে সকারুজরা।কানাডার ভ্যাঙ্কুভারের বিসি প্লেস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে অস্ট্রেলিয়ার জয়ের সবচেয়ে বড় নায়ক ছিলেন ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। তুরস্কের একের পর এক আক্রমণ ঠেকিয়ে ৮টি দুর্দান্ত সেভ করেন তিনি।ম্যাচের আগে বড় সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়ার কোচ টনি পপোভিচ। অভিজ্ঞ অধিনায়ক ও নিয়মিত গোলকিপার ম্যাথু রায়ানের পরিবর্তে প্রথম একাদশে সুযোগ দেন তরুণ বিচকে। একই সঙ্গে সহ-অধিনায়ক জ্যাকসন আরভাইনকেও বেঞ্চে রেখে তরুণ মিডফিল্ডার পল ওকন-ওকন–ইংস্টলারকে খেলান।শুরু থেকেই বলের দখল ও আক্রমণে এগিয়ে ছিল তুরস্ক। তবে প্রতিবারই তাদের হতাশ করেন বিচ। প্রথমার্ধে আর্দা গুলেরের একাধিক বিপজ্জনক শট অসাধারণ দক্ষতায় রুখে দেন তিনি।তুরস্কের চাপের মাঝেই ২৮তম মিনিটে এগিয়ে যায় অস্ট্রেলিয়া। ওকন-ওকন–ইংস্টলারের দীর্ঘ পাস থেকে বল নিয়ন্ত্রণে নিয়ে রক্ষণভাগ ভেঙে গোল করেন নেস্তুরি ইরানকুন্ডা।বিরতির পরও আক্রমণের ধার বজায় রাখে তুরস্ক। কিন্তু অস্ট্রেলিয়ার সংগঠিত রক্ষণ ও বিচের দুর্দান্ত গোলকিপিংয়ের সামনে বারবার ব্যর্থ হয় তারা। ৫৭তম মিনিটে আর্দা গুলেরের দারুণ এক ফ্রি-কিকও কর্নারের বিনিময়ে প্রতিহত করেন বিচ।এরপর ৭৫তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন কনর মেটকাফ। মাঝমাঠ থেকে একক প্রচেষ্টায় এগিয়ে গিয়ে দূরপাল্লার শক্তিশালী শটে তুর্কি গোলরক্ষককে পরাস্ত করেন তিনি। শেষ পর্যন্ত আর ম্যাচে ফিরতে পারেনি তুরস্ক। ফলে ২৪ বছর পর বিশ্বকাপে ফিরে হতাশাজনক হার দিয়ে অভিযান শুরু করতে হলো আর্দা গুলেরদের। অন্যদিকে তরুণদের ওপর আস্থা রেখে দুর্দান্ত এক জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করল অস্ট্রেলিয়া।

বিশ্বকাপের প্রথম বড় অঘটন, তুরস্ককে ২-০ গোলে হারাল অস্ট্রেলিয়া