প্রিন্ট এর তারিখ : ১৫ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৪ জুন ২০২৬
নতুন পে-স্কেলে শিক্ষকদের বাড়ি ভাড়া বাড়ছে কত?া
||
নিজস্ব প্রতিবেদক: আগামী ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর হওয়ার কথা থাকায় এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা বৃদ্ধির বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। বিশেষ করে প্রশ্ন উঠেছে, বাড়িভাড়া ভাতা কি পুরোনো বেতন স্কেলের ভিত্তিতে বাড়বে, নাকি নতুন পে-স্কেল অনুযায়ী হিসাব করা হবে?শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সংশ্লিষ্ট সূত্র বলছে, নতুন পে-স্কেল কার্যকর হলে বাড়িভাড়া ভাতাও নতুন মূল বেতনের ভিত্তিতেই শতকরা হারে নির্ধারিত হবে। তবে একই বিভাগের বাজেট শাখা এ বিষয়ে এখনো সুনির্দিষ্ট ব্যাখ্যা দিতে পারেনি। ফলে বিষয়টি নিয়ে কিছুটা অনিশ্চয়তা থেকেই যাচ্ছে।মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, নতুন পে-স্কেল চালু হলে সেই বেতন কাঠামো অনুযায়ী বাড়িভাড়া ভাতা বৃদ্ধি পাওয়াই স্বাভাবিক। এজন্য আলাদা কোনো প্রস্তাবনার প্রয়োজন নেই। অর্থ মন্ত্রণালয়ের অনুমোদনপত্রই কার্যত নতুন বেতন কাঠামোর সঙ্গে সমন্বয় করে বাড়িভাড়া প্রদানের ভিত্তি হিসেবে বিবেচিত হবে।তিনি আরও বলেন, জুলাই থেকেই এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা মূল বেতনের ১৫ শতাংশ হারে বাড়িভাড়া ভাতা পাবেন। সে অনুযায়ী মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) বেতন-ভাতার প্রস্তাব প্রস্তুত করবে।উল্লেখ্য, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে গত বছরের ২১ অক্টোবর বাড়িভাড়া ভাতা বৃদ্ধিতে সম্মতি দেয় অর্থ মন্ত্রণালয়। ওই সময় জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, ১ নভেম্বর ২০২৫ থেকে মূল বেতনের ৭.৫ শতাংশ হারে (সর্বনিম্ন ২ হাজার টাকা) বাড়িভাড়া ভাতা কার্যকর হবে। পরবর্তী ধাপে ১ জুলাই ২০২৬ থেকে অতিরিক্ত আরও ৭.৫ শতাংশ যোগ হয়ে মোট বাড়িভাড়া ভাতা মূল বেতনের ১৫ শতাংশে উন্নীত হবে।তবে নতুন পে-স্কেল অনুযায়ী মূল বেতন পুনর্নির্ধারণ হলে বাড়িভাড়ার হিসাবও নতুন বেতনের ওপর ভিত্তি করে হবে কি না, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক নির্দেশনা প্রকাশ করা হয়নি। ফলে চূড়ান্ত স্পষ্টতা পেতে শিক্ষক-কর্মচারীদের আরও কিছুদিন অপেক্ষা করতে হতে পারে।
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত