প্রিন্ট এর তারিখ : ১৫ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৪ জুন ২০২৬
শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলার সাক্ষ্যগ্রহণ ২২ জুনা
||
নিজস্ব প্রতিবেদক: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে দায়ের করা গুম ও নির্যাতনসংক্রান্ত মানবতাবিরোধী অপরাধের মামলায় পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ২২ জুন দিন নির্ধারণ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।রোববার (১৪ জুন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর বিচারিক প্যানেল এ আদেশ দেন। মামলাটি র্যাবের টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই) সেলে গুম ও নির্যাতনের অভিযোগকে কেন্দ্র করে দায়ের করা হয়েছে।এদিন মামলার সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আমিনুল গণীর মৃত্যু এবং আরেক আইনজীবীর অসুস্থতার কারণে সময় চেয়ে আবেদন করা হয়। ট্রাইব্যুনাল আবেদন মঞ্জুর করে আগামী ২২ জুন নতুন তারিখ নির্ধারণ করেন।রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন প্রসিকিউটর ব্যারিস্টার শাইখ মাহদী, তাসমিরুল ইসলাম উদয়সহ অন্যান্য আইনজীবীরা। নির্ধারিত দিনে মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।এর আগে গত ১৯ এপ্রিল মামলার এক সাক্ষীর জবানবন্দি গ্রহণ করা হয় এবং ২০ এপ্রিল প্রথম দিনের জেরা সম্পন্ন হয়। সেই ধারাবাহিকতায় আজকের শুনানির তারিখ নির্ধারিত ছিল।মামলার গ্রেপ্তারকৃত ১০ আসামিকে এদিন ঢাকা সেনানিবাসের সাব-জেল থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। তারা হলেন— র্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. জাহাঙ্গীর আলম, ব্রিগেডিয়ার জেনারেল তোফায়েল মোস্তফা সারোয়ার, ব্রিগেডিয়ার জেনারেল মো. কামরুল হাসান, ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহাবুব আলম, কর্নেল কে এম আজাদ, কর্নেল আবদুল্লাহ আল মোমেন, কর্নেল আনোয়ার লতিফ খান, কর্নেল মো. মশিউর রহমান, লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম সুমন এবং লেফটেন্যান্ট কর্নেল মো. সারওয়ার বিন কাশেম।অন্যদিকে, মামলার পলাতক আসামিদের মধ্যে রয়েছেন শেখ হাসিনা, তার সাবেক প্রতিরক্ষা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি বেনজীর আহমেদ, র্যাবের সাবেক মহাপরিচালক এম খুরশীদ হোসেন, ব্যারিস্টার হারুন অর রশিদ এবং লেফটেন্যান্ট কর্নেল (অব.) মো. খাইরুল ইসলাম।উল্লেখ্য, সম্প্রতি দুবাইয়ে গ্রেপ্তার হওয়া সাবেক আইজিপি বেনজীর আহমেদের নামও এ মামলার পলাতক আসামিদের তালিকায় রয়েছে।
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত