প্রিন্ট এর তারিখ : ২৫ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৫ এপ্রিল ২০২৬
ইরান ইস্যুতে ন্যাটোতে ফাটল, স্পেন নিয়ে নতুন বিতর্কা
||
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধকে কেন্দ্র করে ইউরোপীয় মিত্রদের সঙ্গে ওয়াশিংটনের সম্পর্ক ক্রমেই টানাপোড়েনের দিকে যাচ্ছে। ইরানের ওপর যুক্তরাষ্ট্র-ইসরায়েল হামলার পর ন্যাটোর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দেশ সরাসরি পাশে না দাঁড়ানোয় ক্ষুব্ধ ট্রাম্প প্রশাসন। পেন্টাগনের একটি অভ্যন্তরীণ ইমেইলকে ঘিরে বিষয়টি আরও আলোচনায় এসেছে।রয়টার্সের বরাতে জানা গেছে, ওই ইমেইলে স্পেনকে ন্যাটো থেকে বাদ দেওয়ার মতো কঠোর পদক্ষেপের ইঙ্গিত রয়েছে। যুক্তরাজ্য, ফ্রান্স ও ইতালিসহ একাধিক ইউরোপীয় মিত্রের ভূমিকা নিয়েও অসন্তোষ প্রকাশ করা হয়েছে। তবে ন্যাটো জানিয়েছে, সদস্য দেশ বহিষ্কার বা স্থগিতের কোনো বিধান নেই। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজও বলেছেন, ইমেইলের ভিত্তিতে কোনো রাজনৈতিক সিদ্ধান্ত হয় না।ইরান যুদ্ধ ইস্যুতে যুক্তরাজ্যও যুক্তরাষ্ট্রের পাশে না দাঁড়ানোয় ওয়াশিংটনের সঙ্গে তাদের দূরত্ব আরও বেড়েছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার স্পষ্ট করেছেন, যুদ্ধের সিদ্ধান্তে যুক্তরাজ্য জড়াবে না। একই সঙ্গে ফকল্যান্ড দ্বীপপুঞ্জ নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান পর্যালোচনার ইঙ্গিতও দেওয়া হয়েছিল ওই ইমেইলে, যা লন্ডন দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে।এদিকে যুদ্ধ পরিস্থিতি আরও জটিল হয়েছে ইরানের হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে সীমাবদ্ধতা আরোপের পর। এতে বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের চাপ তৈরি হয়েছে। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ১০৭ ডলারের ওপরে উঠে গেছে, যা সাম্প্রতিক মাসগুলোর মধ্যে সর্বোচ্চ।অন্যদিকে মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। নতুন করে ইউএসএস জর্জ এইচডব্লিউ বুশ বিমানবাহী রণতরী মোতায়েনের ফলে অঞ্চলে মার্কিন যুদ্ধজাহাজের সংখ্যা তিনটিতে দাঁড়িয়েছে। এতে সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা বাড়ছে।তবে সংকট নিরসনে কূটনৈতিক তৎপরতাও চলছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি পাকিস্তান, রাশিয়া ও ওমান সফরের মাধ্যমে আলোচনার পথ খুঁজছেন। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূতও ইসলামাবাদে আলোচনায় অংশ নিতে যাচ্ছেন।সব মিলিয়ে ইরান যুদ্ধকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় মিত্রদের মধ্যে মতপার্থক্য, তেলের বাজারে অস্থিরতা এবং কূটনৈতিক তৎপরতা—সবকিছু মিলিয়ে বৈশ্বিক পরিস্থিতি নতুন করে অনিশ্চয়তার দিকে এগোচ্ছে।
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত